অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে ২১ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের নিতাই কাছারিপাড়া গ্রামের সাহাবুল হক (২১), মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের হৃদয় ওরফে বকরি ডিপজল ওরফে শিপন (২০) এবং তকেয়াপাড়া গ্রামের সুজন (১৯)।
কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করে পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ভিসা প্রতারক চক্রের সদস্য। তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েয়া উত্তর বড়ইয়ার বাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে জুয়েল মিয়ার কাছ থেকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ২১ লাখ ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুয়া ভিসা সরবরাহের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়।
কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপন জানান, ভুক্তভোগী জুয়েল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভিসা প্রতারক। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























