বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু অঙ্গীকার করেছেন যে, দল ক্ষমতায় এলে উজিরপুরকে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে। একই সাথে বেকারত্ব দূরীকরণ এবং ঘুষ ও দালালমুক্ত জনসেবা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সান্টু বলেন, জনগণ সরাসরি তাঁর কাছে এলে তিনি হাসিমুখে সবার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।
শিকারপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই পথসভা ও উঠান বৈঠকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম শাহিন, জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন পান্না, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন রেজা খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























