আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রথম ভোট ‘হ্যাঁ’-এর পক্ষে এবং দ্বিতীয় ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জামায়াত আমির বলেন, এই পদক্ষেপ একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ‘হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামি’ মন্তব্য করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের রায়কেই চূড়ান্ত শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, তার নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের প্রার্থীদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি কিংবা নারী নির্যাতনকারী নেই। জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না।” তিনি জানান, যোগ্যতা ও সততার ভিত্তিতেই এই জোটের প্রার্থীদের বাছাই করা হয়েছে।
রাষ্ট্র পরিচালনায় জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশের প্রতিটি শিশুর শিক্ষার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে এবং শিক্ষাকেই জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।
জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, রাজশাহী (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুনজুর রহমান এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার যৌথভাবে জনসভাটি সঞ্চালনা করেন।
রিপোর্টারের নাম 




















