চাঁদপুরে জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে কোনো আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বৃহস্পতিবার হাইমচরের মেঘনা নদীর চরাঞ্চলের জেলেদের নিয়ে আয়োজিত এক জনসচেতনতা সভায় তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকার জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ উপলক্ষে এই জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ইলিশ সংরক্ষণে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীর-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ কামরুল হাসান (পিএসসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের এবং হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নিষিদ্ধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ সকল ক্ষতিকর সরঞ্জামাদি ব্যবহার না করার জন্য জেলেদের প্রতি জোর আহ্বান জানান। এ সময় ঘোষণা করা হয় যে, বিশেষ কম্বিং অপারেশন চলাকালীন নৌ-পুলিশ, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান আরও জোরদার করা হবে।
নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় জেলেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন। সভা শেষে নদী এলাকার জেলেদের মাঝে বিশেষ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 
























