দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর মাত্র কয়েক দিন আগে খুলে দেওয়া গাজার রাফাহ সীমান্ত দিয়ে রোগীদের মিশরে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। বুধবার আকস্মিক এই সিদ্ধান্তের ফলে উন্নত চিকিৎসার আশায় সীমান্তে অ্যাম্বুলেন্সে অপেক্ষায় থাকা শত শত যুদ্ধাহত ও জটিল রোগে আক্রান্ত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র রায়েদ আল-নিমস আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েল আকস্মিকভাবে এই ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। তার ভাষ্যমতে, মাত্র কয়েক মিনিট আগে ইসরায়েলি কর্তৃপক্ষ এই স্থগিতাদেশের কথা জানায়। এই ঘোষণার ফলে, মিশরে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত অসুস্থ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের রেড ক্রস সোসাইটির হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়নি।
আল-নিমস আরও জানান, গুরুতর অসুস্থ ও যুদ্ধাহত রোগীদের অ্যাম্বুলেন্সে করে রাফাহ ক্রসিংয়ে আনা হয়েছিল, যেখান থেকে তাদের মিশরের বিভিন্ন হাসপাতাল বা অন্যত্র পাঠানোর কথা ছিল। কিন্তু ইসরায়েলের এই আকস্মিক সিদ্ধান্তে তাদের যাত্রা থমকে গেছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি প্রায় দেড় বছর পর রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছিল। প্রথম দিনেই গাজা থেকে মাত্র পাঁচজন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর মধ্যেই বুধবার এই সীমান্ত দিয়ে রোগীদের মিশরে যাওয়া স্থগিতের ঘোষণা এলো, যা গাজার ভঙ্গুর মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















