যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি এমন কিছু নথি প্রকাশ করেছে, যা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন এবং সৌদি আরবের রাজপরিবারের মধ্যে সম্ভাব্য গভীর যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সৌদি আরবে রাজপরিবার ও ধনকুবেরদের বিরুদ্ধে চালানো ব্যাপক দমন অভিযানের দিকে এপস্টেইন নিবিড়ভাবে নজর রাখছিলেন। একইসঙ্গে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এপস্টেইনের একটি নতুন ছবিও সামনে এসেছে, যা এই সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
প্রকাশিত নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৪ নভেম্বর এক অজ্ঞাত ব্যক্তি ই-মেইলের মাধ্যমে এপস্টেইনকে সৌদি আরবের পরিস্থিতি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করতে বলেন। এর জবাবে এপস্টেইন জানতে চান, বিষয়টি কি কোনো ক্ষেপণাস্ত্র হামলা নাকি তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কিত। উত্তরে তাকে নিশ্চিত করা হয় যে, এটি ছিল সৌদি সরকারের দুর্নীতিবিরোধী অভিযান।
উল্লেখ্য, ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবে শত শত প্রিন্স, মন্ত্রী এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের আটক করা হয়েছিল। রিয়াদের বিলাসবহুল রিৎজ-কার্লটন হোটেলে তাদের আটকে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এমন একটি স্পর্শকাতর রাজনৈতিক ঘটনার প্রতি বিশ্বজুড়ে নিন্দিত যৌন অপরাধী এপস্টেইনের নিবিড় আগ্রহ এবং একইসাথে যুবরাজের সঙ্গে তার ছবি প্রকাশ, আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা ও জল্পনা তৈরি করেছে।
রিপোর্টারের নাম 























