আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান দেশের নির্বাচন পরিস্থিতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন না হয়, তাহলে দেশের আপামর জনসাধারণের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সুযোগ বর্তমানে সামনে এসেছে, তা যেন কোনো অনৈতিক উপায়ে নষ্ট করা না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি ও প্রধান বাহন। যেখানে নির্বাচন প্রক্রিয়া অনুপস্থিত, সেখানে গণতন্ত্রও অর্থহীন হয়ে পড়ে। জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। তিনি নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ড সংঘটিত না হয়, সেদিকে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















