বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, সুষ্ঠু ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমেই দেশের সকল বিদ্যমান সমস্যা সমাধান করা সম্ভব। তিনি একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার রাজধানীর হাতিরঝিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষের অসংখ্য সমস্যা রয়েছে, তবে এসব সমস্যা পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে নিরসন করা সম্ভব। তিনি বিএনপির রাজনীতিকে ‘সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।
তিনি দেশের উন্নয়নের জন্য কতিপয় মূলনীতি তুলে ধরেন। তাঁর মতে, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা’—এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কাজ করতে হবে। তিনি ভেদাভেদ ভুলে সমতার ভিত্তিতে সমাজ গড়ার ওপর জোর দেন।
ডা. জুবাইদা রহমান একটি এমন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখান যেখানে শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার নিশ্চিত হবে। তিনি সকলের জন্য সমান সুযোগ এবং শ্রমের ন্যায্য মূল্য প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন। তাঁর কথায়, ‘শোষণের আগে অধিকার’ এবং ‘নেতার আগে জনতা’—এই নীতিগুলোই হবে ভবিষ্যতের পথপ্রদর্শক।
উপস্থিত পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কাজ করব, দেশ গড়ব—সবার আগে বাংলাদেশ।” এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ডা. জুবাইদা রহমান আরও বলেন, পেশাজীবীদের মূল্যবান সময় দিয়ে সভায় উপস্থিত হয়ে নিজেদের সমস্যা তুলে ধরার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আশ্বাস দেন, উত্থাপিত সমস্যাগুলো গভীরভাবে শুনে ও জেনে একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করা হবে।
রিপোর্টারের নাম 






















