আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’ এর উদ্যোগে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এই উদ্যোগকে নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দলীয় প্রার্থীর উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ কেবল একজন প্রধানমন্ত্রীই পাবে না, পাবে একজন দূরদর্শী সমাজ ও অর্থনৈতিক সংস্কারক। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়ন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, তার কার্যকলাপে সমাজসেবার চেয়ে বরং ‘গুন্ডামির প্রবণতা’ই বেশি দৃশ্যমান হচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ঢুকে ব্যবস্থাপককে মারধরের মতো ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। হুমায়ুন কবির আরও বলেন, ইতিহাসে যেমন দেখা গেছে কেউ কেউ ইসলামের কথা বললেও প্রকৃত লক্ষ্য ছিল ক্ষমতা, এক্ষেত্রেও তেমন আশঙ্কা তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের শেষ পর্যায়ে এসে একটি দল বেপরোয়া আচরণ করছে।
বিএনপির এই নেতা প্রতিশ্রুতি দেন, তারেক রহমান নির্বাচিত হলে এবং জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারভিত্তিক, যেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের ছেলেমেয়েরাও মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবে। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।
‘চেতনা বাংলাদেশ’ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, আজ থেকে কড়াইলের এই এলাকায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হলো। এর ফলে স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা, এখন বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন। তিনি আরও বলেন, ‘চেতনা বাংলাদেশ’ একটি অরাজনৈতিক সংগঠন, যা বহু বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। শুধু ঢাকা-১৭ আসন নয়, করোনাকালসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ নিয়েছে। ঢাকা-১৭ আসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিএনটি মাঠে কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
ফ্রি ওয়াইফাই সেবা পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং ভবিষ্যতে ঢাকা-১৭ আসনজুড়ে সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বলেন, সামনে বনানী লেক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও উন্নয়নমূলক কাজ করা হবে। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার পরিবেশ ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















