দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং এর টেকসই সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আজ, ১ নভেম্বর থেকে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞাটি আগামী ৩০ জুন পর্যন্ত অর্থাৎ টানা আট মাস ধরে কার্যকর থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার সময়কালে ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষার জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত পোনাগুলো বর্তমানে উপকূলীয় নদ-নদী এবং মোহনাগুলোতে বিচরণ করছে। এই পোনাগুলো যদি নিরাপদে বেড়ে উঠতে পারে, তবে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও অনেক বৃদ্ধি পাবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। লঙ্ঘনকারীকে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডেই দণ্ডিত করা হতে পারে।
মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতায় এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে।
রিপোর্টারের নাম 

























