আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) বিটিভিকে নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
ইসির পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে সকল প্রার্থীর জন্য সমান প্রচারণার সুযোগ সৃষ্টি এই পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কমিশন দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার জন্য স্লট বরাদ্দের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে।
এক্ষেত্রে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। বিটিভিকে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং এর মেয়াদ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভিই চূড়ান্ত করবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যে সকল রাজনৈতিক দল বিটিভি-তে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে, যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থেকে এ পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি, তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাওয়া অনুযায়ী ৯ ফেব্রুয়ারির শেষ স্লটে বক্তব্য প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই ভোটের জন্য প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার কার্যক্রম চালাতে পারবেন।
রিপোর্টারের নাম 






















