মানিকগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই এক ভিন্নধর্মী চিত্র দেখা গেল ভোট প্রার্থনার ময়দানে। সাধারণ প্রার্থীর কর্মী-সমর্থকদের পাশাপাশি এবার ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছে হিজড়া সম্প্রদায়ের একদল সদস্য, যা ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজারে দেখা যায় এমনই এক ব্যতিক্রমী জনসংযোগ। মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের দ্বারে দ্বারে ঘুরেছেন হিজড়া সম্প্রদায়ের সদস্যরা। মাথায় ফিতা বেঁধে, হাতে লিফলেট নিয়ে তারা উৎসবমুখর পরিবেশে স্লোগান দেন— “ভোট চাই ভোট চাই, ধানের শীষে ভোট চাই”, “জিন্দাবাদ জিন্দাবাদ, রিতা আপা জিন্দাবাদ”। তাদের এই সরব উপস্থিতি মুহূর্তেই পুরো বাজার এলাকাকে মুখরিত করে তোলে।
এই প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন হিজড়া সম্প্রদায়ের সরদার নার্গিস ও রোখসানা। তাদের সঙ্গে ছিলেন নন্দিনী, গুতি, মুক্তাসহ আরও কয়েকজন। জনসংযোগের সময় তারা বলেন, “আমরাও এ দেশের নাগরিক। আমাদেরও ভোটের অধিকার আছে। যিনি আমাদের পাশে থাকবেন, আমরাও তার পাশেই থাকব।” তারা আরও জানান, “আমাদের মানিকগঞ্জ জেলায় প্রায় ৫০ জন হিজড়া রয়েছেন। আমরা প্রতিদিন বিভিন্ন দলে ভাগ হয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইছি এবং এতে ভালো সাড়া পাচ্ছি।”
হিজড়া সম্প্রদায়ের সদস্যদের এমন ব্যতিক্রমী প্রচারণায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি হয়, তেমনি ইতিবাচক সাড়াও মেলে। অনেকেই মোবাইলে এই দৃশ্য ধারণ করেন, কেউ কেউ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। উপস্থিত কেউ কেউ মন্তব্য করেন, “এমন প্রচারণা আগে কখনো দেখিনি। ওরাও এখন সচেতন হচ্ছে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য।” এই ঘটনা মানিকগঞ্জের নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।
রিপোর্টারের নাম 























