ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ইসরাইল যদি লেবাননে তাদের হামলা বন্ধ না করে, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। রবিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
খামেনি তার পোস্টে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইসরাইলি আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে ইরান নির্ধারণ করেছে।’ তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, তাদের সাবেক নেতা হাসান নাসরুল্লাহ এবং দক্ষিণ লেবাননের জনগণের প্রতিও সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান এই নিপীড়িত কিন্তু শক্তিশালী মুজাহিদিনদের (হিজবুল্লাহ যোদ্ধাদের) রক্ষা করাকে তার কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমন এবং নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর খবরের মধ্যেই খামেনির এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। তেহরান বরাবরই বলে আসছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের অবসানের জন্য ইসরাইলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে। যদিও অতীতে হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধের জেরে এ সংক্রান্ত একটি সমঝোতা ভেস্তে গিয়েছিল।
রিপোর্টারের নাম 





















