চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলা থেকে প্রায় দুই লাখ নেতাকর্মী এই জনসভায় জমায়েত হওয়ার পরিকল্পনা করেছে দলটি। এই বিশাল আয়োজনকে ঘিরে সীতাকুণ্ডজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, বেলা ২টায় জনসভা শুরু হলেও, জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে জনসভাস্থলে পৌঁছাবেন। আয়োজকরা আশা করছেন, দুপুরের মধ্যেই বিশাল এই মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। জেলা জামায়াত সূত্রে জানানো হয়েছে, এই জনসভায় দুই লাখ নেতাকর্মী জমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জামায়াত আমিরের আগমন উপলক্ষে সীতাকুণ্ড বাজার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে নেতাকর্মীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থলের উত্তর ও দক্ষিণ পাশে সারি সারি বাস, ট্রাক এবং মাইক্রোবাস পার্ক করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাইস্কুল মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, এই জনসভায় সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিচ্ছেন।
জনসভাকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনসভাস্থল এবং এর আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 























