ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল রোববার বিকেলে মিরপুরের উত্তর কাফরুল এলাকায় আয়োজিত এক গণসংযোগ মিছিলে তিনি অংশ নেন।
গণসংযোগ মিছিল পূর্ব এক সমাবেশে ডা. শফিকুর রহমান জনগণের সম্পদে কখনো হাত না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “দুর্নীতি আমাদের চরিত্র ও খাসলতের সঙ্গে যায় না। বরং জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে, তা তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “আমাদের কথাবার্তায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমার চোখে দেখবেন। আমরা যেন নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি—আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আমরা কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না।”
গতকাল বিকেল সাড়ে ৪টায় উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন জামায়াত আমির। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে একটি মিছিল বের করেন।
এই গণসংযোগ ও মিছিলে জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর জিএস এসএম ফরহাদ, কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
রিপোর্টারের নাম 
























