ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন নীতিমালা উপেক্ষা করে প্রায় দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হলে সিট বরাদ্দের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের আবাসন সুবিধা পাওয়ার কথা থাকলেও, দীর্ঘ সময় আগে শিক্ষাজীবন শেষ করা ৩৬ জন নেতাকর্মীকে ‘বিশেষ বিবেচনায়’ সিট দেওয়া হয়েছে। একদিকে নবীন শিক্ষার্থীরা আবাসন সংকটে মানবেতর জীবন যাপন করছেন, অন্যদিকে পুরোনোদের সিট বরাদ্দ দেওয়ায় ক্যাম্পাসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই অন্যায্য সিট বরাদ্দের প্রতিবাদে এবং আবাসন সংকট নিরসনের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ডাকসু ও হল সংসদের নেতারা প্রশাসনকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি, আগামী শনিবারের মধ্যে নবীনদের সিট নিশ্চিত করতে হবে, অন্যথায় আবাসন ভাতা প্রদানসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে আবারও ‘গণরুম’ ও ‘আদু ভাই’ সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 

























