স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কোনো সন্তান। সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই দেবীগঞ্জজুড়ে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই রাজনৈতিক বঞ্চনার অবসানকে ইতিবাচকভাবে দেখছেন।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনের এই উপজেলা থেকে অতীতে কোনো স্থানীয় ব্যক্তি জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পাননি। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল নিজেদের একজন প্রতিনিধি সংসদে পাঠানোর। তাসমিয়া প্রধানের মনোনয়ন সেই শূন্যতা পূরণের পথ প্রশস্ত করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকরা। তারা আশা করছেন, ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাতীয় সংসদে দেবীগঞ্জের মানুষের দাবি ও অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরবেন।
মরহুম শফিউল আলম প্রধানের কন্যা এবং প্রখ্যাত রাজনীতিক গমির উদ্দিন প্রধানের নাতনি তাসমিয়া প্রধান পারিবারিকভাবেই রাজনীতির সাথে যুক্ত। লন্ডনের লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জনকারী তাসমিয়া ২০১৮ সাল থেকে জাগপার নেতৃত্ব দিচ্ছেন। তার এই মনোনয়ন কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং দেবীগঞ্জবাসীর দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা।
রিপোর্টারের নাম 

























