আগামীকাল সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ১১ দলীয় জোটের উদ্যোগে সীতাকুণ্ড হাই স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে দেড় লক্ষাধিক মানুষ সমবেত হবেন।
ডা. শফিকুর রহমানের এই আগমনকে কেন্দ্র করে সীতাকুণ্ডসহ মিরসরাই, সন্দ্বীপসহ উত্তর চট্টগ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান থেকে জামায়াত নেতাকর্মী ও জোটের সমর্থকরা ইতোমধ্যে সীতাকুণ্ডে আসতে শুরু করেছেন।
জনসভাটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এটি কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আশা করা হচ্ছে, ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং জনআকাঙ্ক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জনসভা সফল করার জন্য ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবক দল সক্রিয় থাকবে। মঞ্চ নির্মাণ, উন্নত সাউন্ড সিস্টেম, নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা, মেডিকেল টিম, বিশুদ্ধ পানির সরবরাহ এবং অগ্নি ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের ভেতরে এবং পার্শ্ববর্তী সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিয়োজিত থাকবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জানান, সীতাকুণ্ড, সন্দ্বীপ, মিরসরাইসহ ছয়টি উপজেলার নেতাকর্মী এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা এই জনসভায় অংশ নেবেন।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব সোলাইমান মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই জনসভা সীতাকুণ্ড ও এর পার্শ্ববর্তী এলাকার রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং জনগণের সঙ্গে দলীয় নেতৃত্বের সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে। এ সময় সাংবাদিকদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 






















