বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বর্তমানে দেশে জ্বালানি তেল বা বিদ্যুতের কোনো সংকট নেই। তিনি মন্তব্য করেন যে, উদ্বেগ ও উৎকণ্ঠার কারণেই দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে এবং সময়ের সাথে সাথে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে, যা স্বাভাবিক চাহিদার চেয়ে গত সপ্তাহে দু থেকে তিন গুণ বেশি জ্বালানি সরবরাহ করেও কমানো যায়নি। এটি মানুষের উদ্বেগ-উৎকণ্ঠারই প্রতিফলন বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি- জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে।’ তিনি উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সংকট যত দীর্ঘায়িত হবে, তা বৈশ্বিক সংকটে পরিণত হবে এবং এই সংকট থেকে উত্তরণের পথ এককভাবে কোনো দেশের পক্ষে খুঁজে বের করা কঠিন। সম্মিলিত প্রচেষ্টাই এই সংকট মোকাবিলার একমাত্র উপায় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। সরকার চেষ্টা করছে যাতে জনদুর্ভোগ কমানো যায় অথবা অন্তত সহনীয় মাত্রায় রাখা যায়। এই অস্বাভাবিক চাহিদা কোনো যৌক্তিক কারণে নয়, বরং উদ্বেগ-উৎকণ্ঠা এবং প্যানিক বায়িং থেকে সৃষ্টি হয়েছে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, সরকার এটিকে অস্বাভাবিক না দেখে স্বাভাবিকভাবেই মোকাবেলা করার এবং সমাধান করার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 
























