মেহেরপুরের গাংনীতে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে প্রাণহানি ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং তদন্ত শুরু করেছে।
রোববার সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মিন্টু (৩৫)-এর বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। এর পাশেই একটি চিরকুটও পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের সহায়তায় দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। একই সঙ্গে, চাঁদার টাকা পরিশোধ না করলে প্রবাসীর পরিবারের সদস্যদের প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। চিরকুটে একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশের মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, পুলিশ সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















