নির্বাচন প্রক্রিয়ায় কেউ যদি পক্ষপাতিত্ব বা নিরপেক্ষতা ক্ষুণ্ন করার চেষ্টা করেন, তবে কমিশন তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
শনিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ইসি সানাউল্লাহ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই নির্বাচন কমিশনার মন্তব্য করেন যে, বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক। তিনি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বিশেষ সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত। এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 






















