ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সকালবেলা আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। একইসাথে তিনি এমন ব্যক্তিকে আইনের আওতায় আনার কঠোর হুঁশিয়ারিও দেন।
নির্বাচনী প্রচারে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “পাবলো এসকোবার যেমন একজন কার্টেল কিং ছিলেন, তেমনি ঢাকা-৮ আসনেও তার মতো একজন ব্যক্তি রয়েছেন। তিনি সমাজের সবচেয়ে উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। সকালবেলা আল্লাহর নাম নিয়ে তিনি চাঁদাবাজি শুরু করেন।”
এনসিপি’র এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, “এখানে আমরা অনেক অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি। তারা গ্যাংস্টারদের ভাষায় কথা বলে এবং জুনিয়রদেরকে ভালোবাসা ও সম্মান দিতে শেখেনি। মনে হচ্ছে আমরা এক আইয়ামে জাহেলিয়াতে আছি।” তিনি পাকিস্তানের গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সাথে তুলনা করে বলেন, “দাউদ ইব্রাহিমের মতো গ্যাংস্টাররা এখানেও চলে এসেছে।”
পাটওয়ারী দৃঢ়তার সাথে বলেন, “যতই শক্তিশালী হোক না কেন, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।” তিনি তার নির্বাচনী এলাকার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।
রিপোর্টারের নাম 
























