আসন্ন হজের জন্য হজযাত্রীদের ভিসা আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।
গত ২৯ জানুয়ারি জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি উভয় কোটায় নিবন্ধিত সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে দেশজুড়ে সরকারি হাসপাতালগুলোতে চলছে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজ যাত্রার পূর্বশর্ত হিসেবে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নকরণ এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এরপর নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে, সৌদি সরকারের ‘নুসুক মাসার’ পদ্ধতির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।
এই প্রেক্ষিতে, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি সহ সকল হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণের মাধ্যমে ফিটনেস সনদ সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি, সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে তাদের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























