আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় জোটের এক জনসভায় যোগ দিতে আজ শনিবার কুমিল্লায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। আজ সকাল ১০টায় চৌদ্দগ্রামের এইচজে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
এই গুরুত্বপূর্ণ জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন জামায়াত আমির। উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, ড. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে চৌদ্দগ্রামের জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন আশা প্রকাশ করেছেন যে, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে।
জামায়াত সূত্রমতে, এই জনসভা মূলত কুমিল্লা-১১, চৌদ্দগ্রাম আসনে জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। জনসভার প্যান্ডেল নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামায়াত আমিরের আগমনের প্রস্তুতির অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরে স্বাগত মিছিল ও গণসংযোগ করে আসছেন।
১১ দলীয় জোটের আজকের এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিগবাতুল্লা সিগবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তাদের উপস্থিতি জনসভায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























