নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জের ধরে মো. শরীফুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার চাচাতো ভাই শাকিল মিয়া। এই হামলায় শরীফুলের পিতা জহিরুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
নিহত শরীফুল ইসলাম উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত শাকিল মিয়া (২৩) একই গ্রামের বাদল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উত্তেজিত হয়ে শাকিল শরীফুলের বাড়িতে যান। সেখানে তিনি ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের মাথায় আঘাত করেন। এ সময় তার পিতা জহিরুল ইসলাম ঝগড়া থামাতে এগিয়ে এলে তিনিও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শরীফুলের অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শরীফুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।
রিপোর্টারের নাম 

























