জনগণের ওপর দমন-পীড়ন এবং ‘দ্বিচারিতা’র রাজনীতি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “মানুষের শরীরে আঘাত করা যায়, কিন্তু তাদের মনে নয়। যে মায়েরা কঠিন ফ্যাসিবাদকে প্রতিহত করতে পারে, তারা এখনো জেগে আছে।” শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “৫ই আগস্টের পর যারা জুলাইয়ের চেতনা ও সংস্কারকে অস্বীকার করবে, তাদের দ্বারা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই লক্ষ্য পূরণে ফ্যাসিবাদবিরোধী দলকেই সমর্থন করতে হবে।” তিনি বলেন, “আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, কোনো বেগমপাড়া নেই। আমাদের একমাত্র পরিচয় হলো গর্বিত বাংলাদেশ।”
ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জনগণের ভোটাধিকার খর্ব করার যেকোনো অপচেষ্টা যুবসমাজ সিংহের মতো রুখে দাঁড়াবে। তখন তাদের প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজেদের ভোটের পাশাপাশি অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না।”
সমাবেশে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























