চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল শুক্রবার ‘জনতার ইশতেহার’ শিরোনামে তার নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইশতেহারে চাঁপাইনবাবগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও কর্মসংস্থানে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। জেলার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসা-বাণিজ্যে বিশেষ গুরুত্ব প্রদানের কথাও উল্লেখ করা হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী-পুরুষ, হিন্দু-মুসলিম নির্বিশেষে কৃষক-শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ছাত্র-শিক্ষক ও ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম বুলবুল তার ইশতেহারে একটি তথ্য-প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এছাড়া, অবহেলিত দিয়াড় অঞ্চলকে নিয়ে পৃথক একটি দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর প্রতিষ্ঠা, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন নিশ্চিতকরণ, নদী-ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন তিনি।
সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা নিয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়, যার বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করেন এই সংসদ সদস্য প্রার্থী।
রিপোর্টারের নাম 
























