আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার শনিবার চাঁদপুরে দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে পৃথক পৃথক স্থানে দলটির এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। সকাল ৮টায় ওই আসনের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই জনসমাবেশে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এরপর সকাল ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর) আসনের নির্বাচনি জনসমাবেশ। এতে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
দুটি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের।
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে তাদের নির্বাচনি জনসমাবেশগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচিতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন। শাহজাহান মিয়া আরও বলেন, এসব জনসমাবেশের মাধ্যমে জনগণের সামনে দলের রাজনৈতিক অবস্থান, নির্বাচনি লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
রিপোর্টারের নাম 
























