বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার থেকে কুমিল্লায় দুই দিনের সফরে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতে তিনি জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তাঁর এই সফরের প্রথম দিনে আজ সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ (সদর) আসনে দলটির সম্ভাব্য এমপি পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ শুক্রবার সকালে টাউন হল মাঠ পরিদর্শনের পর ডা. শফিকুর রহমানের আগমন ও জনসভার বিষয়টি নিশ্চিত করেছেন। আমিরের আগমন উপলক্ষে কুমিল্লা নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর প্রধান প্রধান সড়ক ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। জনসভায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, ডা. শফিকুর রহমান ৩০ ও ৩১ জানুয়ারি (শুক্র ও শনিবার) এই দুই দিন কুমিল্লায় অবস্থান করবেন। আজ শুক্রবার বিকেল ৫টায় তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে লাকসাম স্টেডিয়াম মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হল মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি আসন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। একই দিন দুপুর ১২টায় কুমিল্লা-৫ (বুড়িচং) আসনে ড. মোবারক হোসেনের নির্বাচনি এলাকা নিমসার বাজারে এবং বিকেল ২টায় কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে মনিরুজ্জামান বাহলুলের নির্বাচনি এলাকা মডেল মসজিদ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এই জনসভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ঢাকসুর ভিপি সাদেক কায়েম।
রিপোর্টারের নাম 
























