আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর (এফসিডিও) গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরামর্শ দিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে সভা-সমাবেশে সহিংসতার আশঙ্কা রয়েছে। এছাড়া উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা গুরুত্বের সাথে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি পরামর্শ উপেক্ষা করে কেউ ভ্রমণ করলে তার ভ্রমণবিমা (ট্রাভেল ইন্স্যুরেন্স) বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ওইসব প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার কথা জানিয়েছে এফসিডিও।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক কর্মসূচি ও ভোটকেন্দ্রগুলোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটেই ব্রিটিশ নাগরিকদের চলাচলে বাড়তি সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























