কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন একটি দুর্গম পাহাড়ি এলাকায় গত বুধবার (২৮ জানুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন।
দেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট ১৯০০ মডেলের একটি টুইন-প্রপেলার উড়োজাহাজ। ফ্লাইট এনএসই ৮৮৪৯ কলম্বিয়ার কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে বিমানটির ওকানিয়া বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ১১ মিনিট আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে উদ্ধারকারী দল একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। বিমান সংস্থাটি এই ঘটনাকে ‘মারাত্মক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করলেও, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সরকারি সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের জন্য একটি হটলাইনও চালু করা হয়েছে। এই অভিযানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীও সহায়তা করছে। উল্লেখ্য, কুকুতা অঞ্চলটি পাহাড়ি এবং এখানকার আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। পাশাপাশি, অঞ্চলটির কিছু অংশ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামের একটি গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যা উদ্ধারকাজকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।
রিপোর্টারের নাম 

























