দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও সুসংহত এবং গতিশীল করতে ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানকে একীভূত করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবিষ্যতে একটি একক সত্তায় পরিণত হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভা শেষে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন জানান, দেশে বিনিয়োগ আকর্ষণে কাজ করা বিভিন্ন সংস্থাকে একীভূত করার একটি প্রস্তাব আগের গভর্নিং বোর্ডে উত্থাপিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে ছিলেন। এই কমিটিই নীতিগতভাবে সংস্থাগুলোকে একীভূতকরণের অনুমোদন দিতে সুপারিশ করে।
চৌধুরী আশিক বিন হারুন আরও বলেন, “বর্তমানে আমরা নীতিগত অনুমোদনের পর্যায়ে আছি। আগামী সরকার এই একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করবে।” তিনি ব্যাখ্যা করেন, এই প্রক্রিয়াটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি স্বাধীন তৃতীয় পক্ষ পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে নতুন সংস্থার নকশা তৈরি করা হবে, যাতে একীভূত হতে যাওয়া ছয়টি সংস্থার মধ্যে কেউই কোনো বাড়তি সুবিধা বা বিশেষ আচরণ না পায়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, ভবিষ্যতে এই সব সংস্থা একটি একক, সমন্বিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া।
একীভূতকরণের সিদ্ধান্তের পাশাপাশি সরকার দেশের বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয় খোলারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে চীন, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে এসব কার্যালয় স্থাপন করা হতে পারে। বিদেশে বিনিয়োগ বাড়ানোই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য। এসব কার্যালয়ের কর্মচারীদের বেতন বিনিয়োগ আকর্ষণের ওপর ভিত্তি করে কমিশন-ভিত্তিক হবে বলে জানানো হয়।
সোমবারের এই গুরুত্বপূর্ণ গভর্নিং বোর্ড সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















