আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচার অপতৎপরতা রুখতে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিবিড় নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার চাঁদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল ব্যাংকিং এজেন্টগুলোর অস্বাভাবিক লেনদেনের ওপর কঠোর দৃষ্টি রাখতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে বড় অঙ্কের বা সন্দেহজনক লেনদেন চিহ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ভোট কেনাবেচার যেকোনো অপচেষ্টা দমনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, এই নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ থাকবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার তিনটি মৌলিক নীতি অনুসরণ করবে। তিনি জানান, মাঠ পর্যায়ে কমিশনের ছয়টি কমিটি কাজ করছে, যাদের তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
গণভোট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ ভোটারদের ভোটদানে উৎসাহিত করার ওপর জোর দেন। তিনি বলেন, ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে তাদের পছন্দের বাংলাদেশকে গঠনে ভূমিকা রাখবে।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















