সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল তাঁর নির্বাচনী এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার এবং হাওরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নির্বাচিত হলে এই আসন থেকে মাদক ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্মূল করার অঙ্গীকার করেন।
গতকাল সোমবার বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন। তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং এটি একটি জাতীয় অভিশাপ। এই অভিশাপ থেকে কিশোর ও যুবকদের রক্ষা করতে সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি খেলাধুলায় তাদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানান।
কামরুল আরও বলেন, সুনামগঞ্জ অঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতের যথাযথ উন্নয়ন হলে দেশি-বিদেশি পর্যটকদের সমাগম বাড়বে, যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়ক হবে।
বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হাওরবাসীর ভাগ্য পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি, কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশের বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন।
পথসভায় স্থানীয় ভোটার ও সমর্থকদের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















