ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। গত জুন মাসে তার রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিলেন।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবে আগামী বছর অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিট্টু এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। আম আদমি পার্টি (আপ) শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করার কাজে তিনি সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে রাভনীত সিং বিট্টু বলেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আরও যোগ করেন, ‘ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা আমার জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত থাকবে।’
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। পরবর্তীতে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে দেওয়া রাজস্থানের রাজ্যসভা আসনে তাকে অবশিষ্ট মেয়াদের জন্য মনোনীত করেছিল বিজেপি।
রিপোর্টারের নাম 






















