আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সকল স্তরের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নির্বাচনেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই নির্বাচন যেন সকলের জন্য অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত হয়, তা নিশ্চিত করতে হবে।
সোমবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত এই সভায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান।
মতবিনিময় সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ধৈর্য, সহনশীলতা এবং পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় আসন্ন নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর বিচক্ষণতা ও দৃঢ়তার মাধ্যমে এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে।
এই মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















