বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম একটি সমন্বিত লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে, যা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও ট্রানজিট ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তিনি আরও বলেন, এই উন্নয়ন চট্টগ্রামকে এমনিতেই বাণিজ্যিক রাজধানীতে পরিণত করবে।
সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে নিমতলা খালপাড় ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে তিনি এ কথা বলেন। এরপর খালপাড়, নিমতলা, সিডিএ ব্রিজ হয়ে ফকিরহাট-গোসাইলডাঙ্গা এলাকার বিভিন্ন সড়কে তিনি ভোটারদের কাছে প্রচার চালান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদী, পাহাড় এবং বিমানবন্দরকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী লজিস্টিক সেন্টার স্থাপন করা হবে। চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে আরও উন্নত করা হবে। এছাড়াও, এখানে আন্তর্জাতিক মানের শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চট্টগ্রামকে আলাদাভাবে বাণিজ্যিক রাজধানী ঘোষণার প্রয়োজন নেই। উন্নয়নের মাধ্যমেই এটি স্বয়ংক্রিয়ভাবে বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সকাল থেকেই নেতা-কর্মীদের উপস্থিতিতে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























