বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সাল আমাদের অস্তিত্বের প্রতীক। যারা সেই সময় জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে গণহত্যায় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল, তাদের বর্জন করে দেশের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে দুটি পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি সরকারে আসলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ লেনদেন হবে না। সকল নিয়োগ হবে মেধার ভিত্তিতে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জনগণের দেওয়া আমানতের খেয়ানত করি না। জনগণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেয়, তা তাদের পবিত্র আমানত। আমরা জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করব।”
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বনাশ করে দিল্লিতে পালিয়ে গেছেন। তিনি শুধু তার দলের নেতাকর্মীদেরই নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকেও বিপদে ফেলে গেছেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সাহস নিয়ে দিনযাপন করুন। আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে থাকব।”
এ সময় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















