আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিনের সমর্থনে এক নির্বাচনি পথসভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীবরদী সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি, অনিয়ম এবং বৈষম্যমুক্ত একটি সমাজ বিনির্মাণে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ইসলামি আদর্শে বিশ্বাসী প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠানো অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “শ্রীবরদী ও ঝিনাইগাতি এলাকার জনগণের জন্য একজন শিক্ষিত, সৎ এবং জনবান্ধব সংসদ সদস্য প্রয়োজন। এই বিবেচনায় আলহাজ্ব মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন একজন যোগ্য প্রার্থী। তিনি একজন আলেম, নীতিবান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি। তাকে নির্বাচিত করা হলে শেরপুর-৩ আসনের জনগণ একজন দায়িত্বশীল সংসদ সদস্য পাবেন।”
পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা তাদের বক্তব্যে ইসলামী আন্দোলনের লক্ষ্য, আদর্শ এবং নির্বাচনি কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন।
সভা শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
রিপোর্টারের নাম 






















