দেশের প্রবাসীদের পাঠানো অর্থ আরও দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স সরাসরি সুবিধাভোগীদের ‘নগদ’ ওয়ালেটে পৌঁছে যাবে, যা প্রবাসীদের জন্য একটি স্বস্তিদায়ক পদক্ষেপ।
রাজধানীর গুলশানে অবস্থিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে রবিবার এই চুক্তি সম্পাদিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ এবং ‘নগদ’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ‘নগদ’ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকের প্রচলিত পদ্ধতির পাশাপাশি ‘নগদ’-এর মাধ্যমেও সহজে অর্থ পাঠাতে পারবেন। দেশের যেকোনো প্রান্ত থেকে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও, উপকারভোগীরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করার সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. জাফর সাদেক এফসিএ, সিটিও এবং আইটি বিভাগের প্রধান খন্দকার বেদৌরা মাহবুব এবং ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন অংশ নেন। ‘নগদ’-এর পক্ষ থেকে সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার, রেমিট্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজার শাহ ইমরান, ম্যানেজার ইফরাত জাহান এবং রেমিট্যান্স স্পেশালিস্ট মো. আফসান জনি তাহরিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “আমাদের ব্যাংক বিশ্বজুড়ে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করে থাকে। ‘নগদ’-এর সাথে এই অংশীদারিত্বের ফলে প্রবাসী এবং তাদের পরিবারবর্গ এখন আরও দ্রুত, সহজ এবং শরিয়াহ্ সম্মতভাবে রেমিট্যান্স সেবা পাবেন।”
‘নগদ’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “এই চুক্তির ফলে প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি ‘নগদ’ ওয়ালেটে পৌঁছাবে। এর মাধ্যমে উপকারভোগীরা সারাদেশে ‘নগদ’-এর দুই লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন। এই পদক্ষেপ দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
রিপোর্টারের নাম 






















