বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সেবা ও দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কুমিল্লার কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনে খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে এবং স্থানীয় জনগণকে সাথে নিয়েই এই কাজ সম্পন্ন করা হবে।
রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরবর্তীতে সদর দক্ষিণ উপজেলার ফুলতলী ডিগবাজি মাঠে আয়োজিত পৃথক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনীর সমাবেশ শেষে সড়কপথে কুমিল্লায় পৌঁছে তিনি এই দুটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতার ইতিহাস ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। আর ২০২৪ সালের জুলাই বিপ্লবের যোদ্ধারা সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার চেয়ে জনগণের জীবনমান উন্নয়ন ও সমস্যা সমাধানকে বেশি গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু সমালোচনা করে মানুষের পেট ভরবে না, বরং সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন প্রয়োজন।
কৃষক ও সাধারণ মানুষের জন্য দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতে বিএনপি সরকার কৃষকদের ঋণ মওকুফসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করেছে। আগামীতে ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে। এর মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে, যাতে কৃষকের ওপর ভর্তুকির চাপ না থাকে।
গৃহিণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, গ্রাম পর্যায় থেকে এই কার্ড বিতরণ শুরু হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবারকে অন্তত এক সপ্তাহের প্রয়োজনীয় নিত্যপণ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। এতে পরিবারের পুরুষ সদস্যদের ওপর আর্থিক চাপ কমবে এবং নারীরা স্বাবলম্বী হয়ে উঠবেন।
তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, দেশের ইপিজেডগুলোতে পর্যাপ্ত কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। বিশেষ করে নারী ও তরুণদের জন্য উপযোগী কর্মপরিবেশ তৈরি করা হবে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে শ্রমিকদের আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে তারা বিদেশে উচ্চ বেতনে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
স্বাস্থ্যসেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসার সংকট দূর করতে প্রতিটি গ্রামে ‘হেলথ কেয়ার’ সেন্টার স্থাপন করা হবে, যেখানে সাধারণ মানুষ দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলের এসব জনমুখী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তিনি ভোটারদের আহ্বান জানান, ভোটের দিন ভোরে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকতে। তিনি তাঁর বক্তব্য শেষ করেন ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানের মাধ্যমে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে।
রিপোর্টারের নাম 

























