ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনো সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রশাসনের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলের প্রকাশ্য ও বড় ধরনের নির্বাচনী বিধি লঙ্ঘন প্রশাসনের নজরে আসছে না। অথচ ছোট দল বা অন্য প্রার্থীদের সামান্য বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার রাজধানীর মতিঝিল এলাকার এজিবি কলোনি বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হলে প্রশাসনকে সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। পক্ষপাতমূলক আচরণ সাধারণ ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
গণসংযোগকালে তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। বিশেষ করে বিএনপি সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে এই ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করা সময়ের দাবি। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট প্রদানের জন্য তিনি সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান।
প্রচারণাকালে এনসিপির স্থানীয় নেতা-কর্মী ও জোটের সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
রিপোর্টারের নাম 

























