ফেনী জেলায় শরী‘আহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে এনসিসি ব্যাংকের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই শাখার দ্বার উন্মোচন করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্ম্দ নুরুল হক, ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট এর প্রধান খালেদ আফজাল রহিম। এছাড়াও, উক্ত এলাকার বিভিন্ন শাখার ব্যবসায়িক প্রধান, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে আমরা উন্নত গ্রাহক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অনুধাবন করে আমরা ইতিমধ্যেই এর কার্যক্রম শুরু করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি শরী‘আহ্-ভিত্তিক এই ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক খাত এবং এই অঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী। আমি এলাকার সকল ব্যবসায়ী ও পেশাজীবীকে এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের সেবা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “দেশে ইসলামিক ব্যাংকিংয়ের বর্তমান পরিস্থিতি ও উজ্জ্বল সম্ভাবনা বিবেচনা করে আমরা শরী‘আহ্-সম্মত ব্যাংকিং সেবা চালু করেছি। ইতিমধ্যে ঢাকার গুলশানে ও চট্টগ্রামের মুরাদপুরে দুটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে, যা গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ফেনীতে আমাদের শরী‘আহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম সম্প্রসারিত হলো।” তিনি আরও জানান যে, ভবিষ্যতে অন্যান্য শাখায়ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে এবং নতুন শাখাগুলো পূর্ণাঙ্গ ইসলামিক শাখা হিসেবে পরিচালিত হবে। এসএমই, কৃষি ও আমদানি-রপ্তানি বাণিজ্য সহ সকল শ্রেণীর ব্যবসায়ী এবং পেশাজীবীরা এই শাখার মাধ্যমে শরী‘আহ্-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সুবিধা লাভ করতে পারবেন।
রিপোর্টারের নাম 


















