সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার ও গুজব মোকাবিলায় মূলধারার গণমাধ্যমকে আরও সোচ্চার এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের সুযোগ নিয়ে অসম্পাদিত ও ভিত্তিহীন সংবাদ জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা রুখতে পেশাদার সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব আয়োজিত নবনির্বাচিত কমিটির (২০২৫-২০২৬) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, বর্তমান সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এক বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই তথ্য প্রচার করা হয়। সাধারণ মানুষ প্রায়ই এসব তথ্যের সত্যতা নিয়ে দ্বিধায় ভোগেন। এই সংকট উত্তরণে মূলধারার সংবাদমাধ্যমগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে। মানুষ যেন যেকোনো ব্রেকিং নিউজ দেখার পর তার সত্যতা যাচাইয়ের জন্য মূলধারার পোর্টালগুলোর ওপর আস্থা রাখতে পারে, সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করা জরুরি।
সিলেটের সাথে নিজের দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সিলেট প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালন করেছিল। সেই সংকটকালে প্রেসক্লাব একটি ‘ক্যাটালিস্ট’ বা অনুঘটক হিসেবে কাজ করে পরিস্থিতি শান্ত করতে সহায়তা করেছিল। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই শত ব্যস্ততার মাঝে তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সাংবাদিকতার বর্তমান মান ও নৈতিকতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আলী ইমাম মজুমদার বলেন, অন্যান্য খাতের মতো সংবাদমাধ্যমেও কিছুটা চারিত্রিক অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিকরা তাদের দায়িত্বশীলতার মাধ্যমে এই নেতিবাচক ধারা কাটিয়ে উঠবেন। তিনি সাংবাদিকদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দেশ ও জনস্বার্থে কাজ করার পরামর্শ দেন।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ূন কবীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্যে অভিষেক কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি ইকরামুল কবির ক্লাবের কার্যক্রম ও ঐতিহ্য তুলে ধরেন। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 


















