বিএনপি ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ড. মোশাররফ হোসেন বলেন, বিএনপি সবসময়ই ইসলামি আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনকল্যাণে কাজ করে আসছে। ইসলামি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে মহানবীর (স.) নীতি আদর্শ অনুসরণ করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
বিএনপির এই নীতিনির্ধারক নেতা আরও বলেন, দেশকে এগিয়ে নিতে জাতির জন্য আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং সমৃদ্ধ দেশ গড়ার নির্বাচন। তার দাবি, রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করার সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে।
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সদা জাগ্রত উল্লেখ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের মার খেয়েও গত ১৬ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা মাঠ ছাড়েনি। অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে থাকতে পারেননি।” তিনি আরও বলেন, এখন সময় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান এবং আনোয়ার হোসেন চেয়ারম্যান প্রমুখ।
রিপোর্টারের নাম 
























