মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে বিশ্বে পানি, বীজ বা অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং এর সুরক্ষা নিশ্চিত করা তরুণ প্রজন্মের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (এএসএইউবি)-এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার আরও উল্লেখ করেন, বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয়। আমাদের মানুষের দক্ষতা, অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, সুপেয় পানির উৎস, শস্যের বৈচিত্র্যময় বীজ এবং জেনেটিক রিসোর্স—এগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্জিত শিক্ষা ও ডিগ্রির মর্যাদা যেন তারা নিজেদের আচরণ, পেশাদারিত্ব এবং চারিত্রিক গুণাবলির মাধ্যমে উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখেন। তিনি তরুণদের প্রতি দুর্নীতি, পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সোচ্চার ও সক্রিয় থাকার আহ্বান জানান। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ দেশ রেখে যাওয়া আমাদের সবার সম্মিলিত কর্তব্য বলেও তিনি মন্তব্য করেন।
নদী দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদী হয়ে মেঘনায় গিয়ে মিশছে। এর ফলে ইলিশ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে। গবেষণায় ইলিশ মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক, লেড ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া গেছে, যা দেশের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি জোর দিয়ে বলেন, নদী দূষণমুক্ত করা একটি অপরিহার্য জাতীয় দায়িত্ব, যা কেবল সরকারের একক প্রচেষ্টা নয়, বরং এক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাও সমানভাবে জরুরি।
রিপোর্টারের নাম 


















