মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল ও সিএফটি) কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সম্প্রতি এক দিনব্যাপী ব্যামেলকো (BAMELCO) সম্মেলনের আয়োজন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। শনিবার রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে (এলটিডিসি) অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী ও ঝুঁকিভিত্তিক পরিপালন কাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ড. আরিফুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক ও উপ-প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম, সিজিআইএ, এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ। স্বাগত বক্তব্য দেন এসইভিপি ও ক্যামেলকো (ভারপ্রাপ্ত) মো. নকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান খান চৌধুরী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই পরিপালন (কমপ্লায়েন্স) কাঠামো গড়ে তোলার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন সময়মতো চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ জোর দেন।
চেয়ারম্যান ড. আরিফুর রহমান তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ব্যাংকিং খাতে আস্থা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো পরিপালন। তিনি উল্লেখ করেন, সঠিক জ্ঞান ও কার্যকর পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষম করে তোলার মধ্য দিয়ে প্রিমিয়ার ব্যাংক সততা ও স্বচ্ছতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তিনি আরও জানান, অতীতের মানি লন্ডারিং কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যাংক অভ্যন্তরীণ ব্যয় বহুগুণ বাড়িয়ে সফল হয়েছে, যার ফলস্বরূপ তাদের পরিপালন সংস্কৃতি এতটাই শক্তিশালী হয়েছে যে নির্দিষ্ট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে তিনি নিজেও বর্ধিত সতর্কতামূলক ব্যবস্থা (ইডিডি) কল পান, যা তাদের দায়িত্বশীলতার স্পষ্ট প্রমাণ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর নীতিগত নির্দেশনা অনুসরণ করে প্রিমিয়ার ব্যাংক তার কার্যক্রম অব্যাহত রাখবে।
দিনব্যাপী এই সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, ডেপুটি ক্যামেলকো (ভারপ্রাপ্ত) সাদিয়া এম হান্নান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। সম্মেলনে বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ এবং যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা দেশীয় আইন, লেনদেন পর্যবেক্ষণ, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ও ইডিডি (বর্ধিত সতর্কতামূলক ব্যবস্থা) বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক রিপোর্টিং প্রক্রিয়া এবং বাণিজ্য-ভিত্তিক ও ঋণ-সমর্থিত মানি লন্ডারিং ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিপোর্টারের নাম 


















