ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে হাসান মোল্লাকে লক্ষ্য করে খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। হামলাকারীদের মুখ চাদর দিয়ে ঢাকা থাকায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দ্রুত গুলি চালিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাসান মোল্লাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গুরুতর আহত অবস্থায় গত দুদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ছোট বোনের স্বামী হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় কোনো মামলা দায়ের করেনি। তারা মামলা করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 


















