রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ২২ জানুয়ারি, বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুনদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, আচরণবিধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনগণও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাঁদের ভাষণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লক্ষ্য ও মূল্যবোধের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, এই বিশ্ববিদ্যালয় দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করতে বদ্ধপরিকর এবং শিক্ষার্থীদের এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং কোষাধ্যক্ষ, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।
অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করতে স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগ একটি আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’-এর আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ২৩টি শিক্ষার্থী-পরিচালিত ক্লাব এই মেলায় অংশগ্রহণ করে। প্রতিটি ক্লাব তাদের কার্যক্রম ও উদ্যোগসমূহ সুন্দরভাবে স্টলে উপস্থাপন করে, যার উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করা এবং একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল উদ্যোগে সম্পৃক্ত করা।
রিপোর্টারের নাম 


















