রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির ভর্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনসুরেন্স, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
এ বছর ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৬৪টি, যা গত বছরের ৫,৫৫৯টি থেকে ৫টি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ৩৭৫টি আসন সংরক্ষিত রয়েছে (যা গত বছর ছিল ৩৬৭টি)। বিজ্ঞান শাখার জন্য আসন সংখ্যা ১৫৮টি (গত বছর ছিল ১৬৬টি) এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ৩১টি আসন বরাদ্দ রয়েছে (যা গত বছর ছিল ২৬টি)।
সরেজমিনে দেখা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল ১০টার দিকে নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা মেমোরিযুক্ত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা ছিল।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় মোট ৩০,৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দেশের ছয়টি কেন্দ্রে (রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাচ্ছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা অত্যন্ত আনন্দের বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৯০ শতাংশের উপরে থাকবে। অন্যান্য কেন্দ্র থেকেও আপডেট পেলে আমরা সঠিক চিত্র জানাতে পারব। সকলের সহযোগিতায় আমরা এই বছর ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পারছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও মিডিয়া, স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, আজ ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো রাবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি প্রক্রিয়া। এর আগে গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ইতোমধ্যে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং ‘এ’ ইউনিটের ফলাফল আজ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 


















